৩৭ বছর বয়সেও ফুটবল মাঠে নিজের প্রভাব ধরে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও পারফরম্যান্সের ধারাবাহিকতায় এক দশকের বেশি সময় পর আবারও দেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া। এই দৌড়ে তিনি পেছনে ফেলেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।
এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে প্রথমবার এই সম্মান অর্জন করেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর ফের একই পুরস্কার পাওয়া তার দীর্ঘ ক্যারিয়ারের স্থায়িত্ব ও মানসিক দৃঢ়তারই প্রতিফলন।
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে ২০২৪ সাল ডি মারিয়ার জন্য ছিল স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকা ছাড়ার পর শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে গিয়ে লিগে ১৬ ম্যাচে ৭ গোল করেন তিনি। পাশাপাশি দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই উইঙ্গার।
প্রসঙ্গত, আগের বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ের রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

