আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সমারসেটের উইকেটকিপার-ব্যাটার থমাস রিউকে অধিনায়ক করে গড়া এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফারহান আহমেদ।
এর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজে অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেন ফারহান আহমেদ। বিশ্বকাপে এবার তিনি অধিনায়কের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার আলি ফারুক। যুব দলের প্রধান কোচ মাইকেল ইয়ার্ডির মতে, টুর্নামেন্টের আগে ইংল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক দল গঠন করতে পেরেছে।
দল নির্বাচন নিয়ে ইয়ার্ডি বলেন, নির্বাচিত ক্রিকেটারদের জন্য এটি বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। শুধু জাতীয় দলের জার্সি পরাই নয়, বরং বিশ্বকাপে বিশেষ কিছু করে দেখানোর সামর্থ্য এই দলটির আছে। স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় রয়েছে। কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে কাউন্টি ক্রিকেট খেলেছে, আর দীর্ঘদিন একসঙ্গে খেলার ফলে দলের ভেতরে ভালো বোঝাপড়াও তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জিম্বাবুয়ের মতো সুন্দর দেশে বিশ্বকাপ খেলার সুযোগ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরতে চান তিনি।
১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে। আগামী ১৬ জানুয়ারি হারারেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। এরপর স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। গ্রুপ থেকে শীর্ষ তিন দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড
থমাস রিউ (অধিনায়ক), ফারহান আহমেদ (সহ-অধিনায়ক), রালফি আলবার্ট, বেন ডকিন্স, ক্যালেব ফ্যালকনার, আলি ফারুক, অ্যালেক্স ফ্রেঞ্চ, অ্যালেক্স গ্রিন, লুক হ্যান্ডস, ম্যানি লামসডেন, বেন মেইজ, জেমস মিন্টো, আইজ্যাক মোহাম্মদ, জো মুরস ও সেবাস্টিয়ান মরগান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

