AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
১২তম বিপিএলে

শুরু থেকেই বিদেশিদের পাওয়ার আশা রাজশাহীর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৩৬ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

শুরু থেকেই বিদেশিদের পাওয়ার আশা রাজশাহীর

দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু আলোচনায় থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবির নির্দেশনা অনুসরণ করেই এগোচ্ছে দলটি—এমনটাই জানিয়েছেন প্রধান কোচ হান্নান সরকার। তাঁর ভাষ্য, সব ধরনের উদ্বেগ মাথায় রেখেই আপাতত মাঠের প্রস্তুতিতেই সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিরপুরে বিপিএলের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল অনুশীলনের ফাঁকে হান্নান সরকার বলেন, দেশের বর্তমান অবস্থার কারণে নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। তবে এ বিষয়ে বিসিবি ও সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হবে, সেগুলোই মেনে চলবে রাজশাহী। তিনি বলেন, ‘নিরাপত্তা সবার আগে। বিসিবি ও সরকার যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেটাই অনুসরণ করব। এখন পর্যন্ত কোনো আলাদা নির্দেশনা না থাকায় আমরা স্বাভাবিক প্রস্তুতিই চালিয়ে যাচ্ছি।’

বিদেশি ক্রিকেটারদের নিয়েও শুরু থেকেই পরিকল্পনা সাজিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। হান্নান জানান, দলের বিদেশি খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতিতে নামার বিষয়েও তারা প্রস্তুত। দলের ছয়জন বিদেশি ক্রিকেটার আগামীকাল (আজ) অথবা পরশু (আকামীকাল) দলের সঙ্গে যোগ দেবেন। পুরো দলের সঙ্গেই তাঁদের সিলেটে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটাররা হলেন—সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দ্বীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। শুরু থেকেই ছয়জন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দল ব্যবস্থাপনা।

ইতোমধ্যে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রাজশাহী। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আকবর আলী, হাসান মুরাদ ও জিসান আলম। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলকে শক্তভাবে গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোচ হান্নান।

দলের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে ধাপে ধাপে এগোতে হবে। এখানে ভাগ্যের বিষয়টাও কাজ করে, সেটাও মাথায় রাখতে হবে।’

দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকায় অধিনায়ক নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলীর মতো ক্রিকেটার থাকায় নেতৃত্ব নিয়ে ভাবনায় আছে দল। এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘মুশফিকুর রহিমকে দলে পাওয়াটা আমাদের জন্য বড় অর্জন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে উইকেটের পেছনে থাকলে দল পরিচালনাও সহজ হয়।’

জাতীয় দলের ব্যস্ত সূচি নিয়েও পরিকল্পনা রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। হান্নান জানান, পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের কারণে কিছু ক্রিকেটার জাতীয় দলে ডাক পেতে পারেন। তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পুরো বিপিএলের জন্য এনওসি নেওয়া আছে। সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখেই দল গঠন করা হয়েছে বলে জানান তিনি।

দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী রাজশাহীর প্রধান কোচ। তিনি বলেন, ‘আমি আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে খুব আশাবাদী। তারা ভালো করবে। সব মিলিয়ে ক্রিকেটারদের ফর্মে থাকাটা গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতার মধ্যে থাকলে কেউ ফর্মে না থাকলেও কয়েকটি ম্যাচ খেললেই অনেক কিছু ঠিক হয়ে যায়।’

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে ছয় দলের অংশগ্রহণে বিপিএলের এবারের আসর। প্রস্তুতির দিক থেকে রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের লক্ষ্যে অটুট থাকার বার্তাই দিলেন কোচ হান্নান সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!