বিসিবি সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এর আগে একই দলকে হারিয়ে বিসিএলের চারদিনের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল। শনিবার (১৫ জানুয়ারি) সিলেটে ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে ১৬৩ রান করে বিসিবি সাউথ। জবাবে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় তুলে নেয় ওয়ালটন সেন্ট্রাল।
দক্ষিণাঞ্চলের দেওয়া ১৬৪ রানের টার্গেটে মধ্যাঞ্চল পৌঁছে যায় ৪২ দশমিক ৩ ওভারে, ৪ উইকেট হারিয়ে। আল আমিন ৫৩ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। এরপর ৮৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক-আল আমিন। ওপেনার মিজানুর রহমান ৩৯ ও সৌম্য সরকার ২১ রান করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের বোলিং তোপে ১৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন পিনাক ঘোষ। এছাড়া নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রান করেন। মধ্যাঞ্চলের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

