সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাওয়া ও কোরবানির খরচসহ বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—
বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা
সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার টাকা
সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
গত বছরের তুলনায় এবার তিনটি প্যাকেজেরই ব্যয় বেড়েছে। গত বছর বিশেষ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা।
সে হিসাবে এবার—
বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা,
সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা এবং
সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।
এর আগে সরকার ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

