বাংলাদেশ সরকারের পূর্ণ সচিব ও এ-গ্রেড পদমর্যাদায় হাইকমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আফ্রিকার দেশগুলোর জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান শাহ আহমেদ শফী। তিনি হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা।
তিনি দক্ষিণ আফ্রিকা মিশনে দায়িত্ব পালনকালে নামিবিয়া, জাম্বিয়া ও লেসোথোর অনাবাসিক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে তিনি লেসোথোর রাজা লেটসি তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে তিনি কাজ করছেন।
পূর্ণ সচিব ও এ-গ্রেড পদমর্যাদায় পদোন্নতি পাওয়ায় প্রবাসীবান্ধব কূটনীতিক শাহ আহমেদ শফীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসীরা হাইকমিশনের সুদৃঢ় নেতৃত্বে আরও বেশি সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

