বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে এ শোক বই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে ইন্তেকাল করেন। তাঁর স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ, কুয়েত সরকারের কর্মকর্তারা এবং কুয়েতে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। শোক বই স্বাক্ষরের মাধ্যমে তাঁরা বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতের জাতীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়ে ইতোমধ্যে একটি সরকারি বার্তা পাঠিয়েছেন।

শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিংবা শোকবার্তা প্রেরণকারী সকল বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রতি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

