ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তত্ত্বাবধানে ফরম বিক্রি শুরু হয়। এ সময় তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে আসছেন এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি বলেন, চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবে দলের পার্লামেন্টারি বোর্ড। প্রার্থীদের ক্ষেত্রে আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, সংসদে বক্তব্য দেওয়ার সক্ষমতাসহ বিভিন্ন দিক বিবেচনায় নেওয়া হবে।
মনোনয়নপ্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে গঠনমূলক আলোচনার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ফরম জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি আসন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

