AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৪ পিএম, ২৫ জুলাই, ২০২৬

১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভা শেষে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের কার্যকারিতা বাস্তবিক অর্থে শেষ হয়ে গেছে। যদিও নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল, এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দলটি জানিয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতের কোনো সমাবেশ বা প্রচার-প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে দলটির নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

জোট ছাড়ার বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই ১১ দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছিল। বর্তমানে সেই সমঝোতা আর কার্যকর নেই এবং দলটি সেটি আর অব্যাহত রাখতে চায় না। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে ১১ দলের সঙ্গে মতের মিল থাকলেও এখন থেকে সেসব বিষয়ে খেলাফত মজলিস স্বতন্ত্রভাবে কাজ করবে।

সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি কওমি ধারার দলের বৈঠকের পর থেকেই ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এর আগে খেলাফত আন্দোলনও জোট ছাড়ার ঘোষণা দেয়। সর্বশেষ খেলাফত মজলিস একই সিদ্ধান্ত নিলেও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন এ জোটে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!