বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে হঠাৎ পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন সমালোচনার ঝড় বইছে, তখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ ব্যাংককে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কঠোর সমালোচনা করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকে গতকাল যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা বর্তমান সরকার-সমর্থিত তথাকথিত ‘মব কালচার’-এর প্রাতিষ্ঠানিক সূচনা বলে প্রতীয়মান হচ্ছে। তিনি এ ঘটনাকে দুঃখজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন।
তিনি আরও লেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ও সম্মানজনক দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রকাশ্যে অপমান করার কোনো অধিকার কারও নেই।
দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের প্রভাবে দেশের অর্থনীতি বিপর্যস্ত, সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট। এর মধ্যেই যদি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে অর্থনীতির অবশিষ্ট কাঠামোও ধ্বংসের মুখে পড়বে।
পোস্টে তিনি আরও বলেন, এ ধরনের অরাজকতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ জানানো উচিত। তিনি দাবি করেন, সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির ঘটনা ক্রমেই বাড়ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অনৈতিক ও অস্থিরতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে দলীয় আনুগত্য নয়, যোগ্যতা ও সততার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

