AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি জোট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৯ এএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিএনপি ও তাদের শরিক দলগুলো। ২৯৯ আসনের মধ্যে ২৮৭ টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে ২০৭টি আসনে। এই ফলাফলের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে পরবর্তী সরকার গঠনের পথ সুগম হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয় অর্জন করেছে ৭২ টি আসনে। এছাড়া  স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ৮ টি আসনে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোট গণনা শেষে এসব আসনের বেসরকারি ফল প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ভোটাররা আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মত প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনা।

উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনে নির্বাচন স্থগিত থাকায় এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। মোট নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় ও ২০ জন স্বতন্ত্র।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। এছাড়া ১২৪টি দেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়।

 


একুশে সংবাদ/ এ.জে

Link copied!