ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সন্ধ্যার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।
জামায়াত আমির বলেন, “একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে।” যারা ‘চোরাই পথে ক্ষমতায় যেতে চায়’ তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর রয়েছেন। জনগণের রায় উপেক্ষা করে যদি কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাইয়ের মতো পরিস্থিতি’ তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং নির্ধারিত আনসার সদস্য ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে। এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

