আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার পর ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, দলের চেয়ারপারসন তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় পৃথকভাবে নির্বাচনী বক্তব্য দিতে পারেন। তবে রাজধানীতে একক কোনো কেন্দ্রীয় জনসভা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
রিজভী আরও বলেন, ‘ঢাকা মহানগরীতে যে কেন্দ্রীয় জনসভার কথা ছিল, সেটি আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। পরিবর্তে বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।’
এর আগে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, নির্বাচনের আগে রবিবার নয়াপল্টনে দলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে আসে বিএনপি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

