সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার জামতৈল গ্রামের নূরুল ইসলাম (৩৫), যিনি অটোভ্যানটি চালাচ্ছিলেন, এবং আজুগড়া (হিজলতলা) গ্রামের বাসিন্দা আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন (১৬)। তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমান জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

