ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে বলে জানা গেছে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মতামত জানতে পেরেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
রাষ্ট্রদূতের এই মন্তব্যকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

