বিএনপি ক্ষমতায় গেলে ফেনী অঞ্চলে একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বলেন, ফেনী তার পারিবারিকভাবে ঘনিষ্ঠ এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে বিএনপি বিশেষ গুরুত্ব দেবে। ফেনীতে ইপিজেড স্থাপন হলে শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন।
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সেই লক্ষ্য অর্জনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করার দায়িত্বও জনগণের রয়েছে। তিনি দাবি করেন, গত দেড় দশকে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন এসেছে এবং এখন দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে বিতর্কে না জড়িয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হওয়াই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।
সমাবেশে তারেক রহমান নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সহায়তা হয়তো পুরো মাসের চাহিদা মেটাবে না, তবে অন্তত কয়েক দিনের অভাব দূর করতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশব্যাপী কার্যকর হেলথকেয়ার ব্যবস্থা চালুর কথা উল্লেখ করেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভোটাধিকার রক্ষার বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র জনগণের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।
বক্তব্যের শেষভাগে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই মানুষের জীবনে পরিবর্তন এসেছে। এবার সরকার গঠন করতে পারলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন পরিকল্পনাগুলো পুনরায় বাস্তবায়ন করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

