AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০২ এএম, ১৯ জানুয়ারি, ২০২৬

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোরকাল বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। সামরিক জীবনে অসীম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেন তিনি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। সময়ের প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

দেশপ্রেম, সততা, সাহসিকতা ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য জিয়াউর রহমান আজও গণমানুষের শ্রদ্ধা ও স্মৃতিতে উজ্জ্বল। একজন সৈনিক ও রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন আজ সোমবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি দিনব্যাপী দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হবে।

দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জন্মবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!