বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অনলাইন এই বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বিশেষ শুল্ক সুবিধা, দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি হ্রাস এবং যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রবিষয়ক মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান।
বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান এই আলোচনা আয়োজনের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান। তিনি জানান, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে, সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টি উত্থাপন করেছেন।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ তুলা বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত মানবসৃষ্ট (ম্যানমেড) ফাইবার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাবকে উভয় দেশের জন্য লাভজনক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির। তার মতে, এতে একদিকে বাংলাদেশের রপ্তানি বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্পখাত উপকৃত হবে।
ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক শুল্ক সংক্রান্ত সমঝোতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে। তিনি দাবি করেন, বাংলাদেশ ইতোমধ্যে এই চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে এবং বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার নিয়ে রাষ্ট্রদূত গ্রিয়ারের ইতিবাচক অবস্থানের কথাও উঠে আসে। এ ধরনের অর্থায়ন দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
বৈঠকের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের সফর পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও গভীর করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

