বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে আদালতে নেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে বিচারক শুনানি শেষে তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারের পর শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদীর জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত বসানো না হওয়ায় রোববার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
পুলিশের দাবি, এনামুল হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে আন্দোলনকারীদের একটি অংশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

