ঢাকা-১৫ আসনে প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ঢাকার ২০টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে তার মনোনয়ন আইনসম্মত হিসেবে গ্রহণ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের জমা দেওয়া হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিস্তারিতভাবে পরীক্ষা করে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি। ফলে তার প্রার্থিতায় আইনি কোনো বাধা নেই।
এর আগে, গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৮ সালের পর দীর্ঘ সময় পর নিবন্ধন ফিরে পাওয়ার পর এবারের নির্বাচনেই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারির মধ্যে সারাদেশে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এরপর কোনো প্রার্থীর মনোনয়ন নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

