দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক বিশাল সংবর্ধনা মঞ্চ। প্রিয় নেতাকে বরণ করে নিতে একদিন আগেই সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করেছেন সারাদেশ থেকে আসা কয়েক লাখ নেতাকর্মী। স্লোগান, প্ল্যাকার্ড আর বাঁধভাঙা উচ্ছ্বাসে পুরো ৩০০ ফিট এলাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ৪৮ বাই ৩৬ ফুট আয়তনের বিশাল সংবর্ধনা মঞ্চের নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। গত রোববার থেকে দিন-রাত পরিশ্রম করে কর্মীরা এই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ করেছেন। অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন যাতে আয়োজনে কোনো কমতি না থাকে।
বুধবার সকাল থেকেই কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কাফেলাগুলো সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছে। অনেক নেতাকর্মী মাঠেই রাত কাটানোর প্রস্তুতি নিয়ে এসেছেন। কিশোরগঞ্জ থেকে আসা বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, "৫ আগস্টের পর এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মাহেন্দ্রক্ষণ। ২৫ ডিসেম্বর আমাদের কাছে ঈদের দিনের মতো আনন্দের।" বগুড়া ও চট্টগ্রাম থেকে আসা কর্মীরাও একই রকম উচ্ছ্বাস প্রকাশ করে জানান, জনসমুদ্রের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চান যে দেশের মানুষ তাদের নেতার জন্য কতটা তৃষ্ণার্ত ছিল।
সমাবেশস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। সেনাবাহিনীর একাধিক টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রশাসন ও দলীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী গতকাল মঙ্গলবার প্রস্তুতি পরিদর্শন শেষে জানান, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, "তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে মহামিলন মেলা তৈরি হচ্ছে, তা ঐতিহাসিক হয়ে থাকবে।"
দলীয় সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান বনানী ও কাকলী হয়ে সরাসরি ৩০০ ফিটের এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন। সেখান থেকেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

