ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) বড় পরিসরে নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটি ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে। ঘোষিত তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পরিচিত রাজনৈতিক মুখের আধিক্য লক্ষ্য করা গেছে।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। তালিকা অনুযায়ী—এনডিএফ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম-৫ আসনে, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু লড়বেন পিরোজপুর-২ আসনে, এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রার্থী হয়েছেন পটুয়াখালী-১ আসনে, কাজী ফিরোজ রশিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১০ আসনে ।
এ ছাড়া তালিকায় রয়েছেন শেখ শহিদুল ইসলাম (মাদারীপুর-৩), গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২) এবং প্রয়াত নেতা জহির রায়হানের পুত্র তপু রায়হান (ঢাকা-১৭)।
ঢাকা ও আশপাশের এলাকায়—
ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু
ঢাকা-১৪: জাহাঙ্গীর আলম পাঠান
নারায়ণগঞ্জ-৩: সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা
শরীয়তপুর-১: অ্যাডভোকেট মাসুদুর রহমান
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে—
চট্টগ্রাম-১২: সিরাজুল ইসলাম চৌধুরী
ফেনী-১: নাজমা আক্তার
বরিশাল-৬: নাসরিন জাহান রতনা
কক্সবাজার-১: মো. শামসুল আলম
রাজশাহী ও রংপুর অঞ্চলে—
বগুড়া-৬: নুরুল ইসলাম ওমর
নীলফামারী-৩: মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল
কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহম্মেদ
১১ আসনে একাধিক প্রার্থী-
কৌশলগত কারণে জোটটি ১১টি আসনে একাধিক প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, চট্টগ্রাম-৯, বরিশাল-৪ ও ৬, ঝালকাঠি-২, শরীয়তপুর-১, বরগুনা-১ এবং টাঙ্গাইল-৮।
প্রার্থী ঘোষণার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জোটের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, দেশে মব সন্ত্রাস ও সহিংসতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সাধারণ মানুষ, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বিভিন্ন সহিংস ঘটনার উদাহরণ টেনে বলেন, এসব পরিস্থিতিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার কীভাবে এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে— সে প্রশ্নও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, কাজী ফিরোজ রশিদ ও গোলাম সারোয়ার মিলন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

