চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের প্রভাবে নষ্ট হয়ে গেছে অধিকাংশ সবজি ক্ষেত। বাজারে সরবরাহ কমে যাওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে সব ধরনের সবজির দাম এখন আকাশ ছোঁয়া। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। তিনগুণ ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। তাছাড়াও প্রতিটি সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। স্বস্তি নেই মাছ ও মুরগির মাংসের দোকানেও। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে সাপ্তাহিক কাঁচা বাজারে গিয়ে একই চিত্র চোখে পড়ে। সবজির দাম বেড়ে যাওয়াতে কমে গেছে ক্রেতাদের সংখ্যা। বাজার ঘুরে দেখা যায় বেগুন ৬০-৭০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। কাঁচা মরিচের দাম তিনগুণ বেড়ে ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে পটল ও ধেড়সের দাম ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা, ৪০ টাকার শশার দাম বেড়ে হয়েছে ৮০ টাকা, কলা ও মিষ্টিকুমড়ার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, পেপে ১০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ২৫ টাকা, রসুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, কচু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ছোট সাইজের লাউ ৫০-৬০ টাকা পিচ বিক্রি হচ্ছে, তাছাড়াও শাকের আঁটিতে ১০ টাকা করে দাম বেড়েছে।
তবে আলু, পেঁয়াজ, আমড়া, করোলা, ওলসহ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
মাছের বাজারে তেলাপিয়া মাছ ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাঙ্গাশ, রুই, কাতলা, মৃগেল, পোনা মাছ কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে। দেশি প্রজাতির মাছগুলো ৮০০-১০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মুরগির মাংসের দোকানে গিয়ে দেখা যায় বয়লার মুরগীর দাম ১৬০-১৭০ টাকা কেজি থেকে বেড়ে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগী ৪০০ ও সোনালী মুরগী ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, টানা বৃষ্টিপাতের প্রভাবে হঠাৎ করে বাজারে সবজির সরবরাহ অনেক কমে গেছে। যার কারনে দাম কিছুটা বেড়ে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজারও স্বাভাবিক হয়ে যাবে।
ক্রেতারা অস্বস্তি প্রকাশ করে বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় আমাদের আয় রোজগার বাড়েনি। সবজির বাজারে আসলে পকেটের টাকা ফুরিয়ে গেলেও বাজারের ব্যাগ ভর্তি হচ্ছে না। বাজারে এসে সব টাকা সবজি কিনতে চলে গলে মুদি মালামাল কিনবো কিভাবে?
অধিকাংশ ক্রেতারা সবজির দাম বৃদ্ধিতে বাজার সিন্ডিকেটকে দায়ী করে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

