সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের সময় সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করেছেন এবং আমরা তার সহযোগিতা পেয়েছি।”
রাষ্ট্রপতির পদত্যাগের পর তার বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কয়েকজন নেতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে দেখছি না।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালনকালীন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ আইনি সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। এ সময়ে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, “বিধি অনুযায়ী তিনি সব সুযোগ পাবেন। ছয় মাসের নিরাপত্তা সুরক্ষার বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

