গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নগর উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ অবকাঠামো, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থবছর শেষে সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা হবে বলে প্রাক্কলন করা হয়েছে।
বাজেটের আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে ধরা হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প (ডিপিপি), যার পরিমাণ ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সাধারণ রাজস্ব তহবিল থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা এবং সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা প্রাপ্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রয়োজন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

