রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, “রাষ্ট্রপতি কী করবেন বা করবেন না, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি। আমি দেশের বাইরে ছিলাম, তাই এখানে কী হয়েছে সে বিষয়ে আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই তার দেশে ফেরা নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
এদিকে কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্ভাব্য বিদায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

