AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষক


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:০৭ পিএম, ২৪ জুলাই, ২০২৬

কালীগঞ্জে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামে একটি গোয়ালঘর থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের খানবাড়িতে দুর্বৃত্তরা গোয়ালঘরে প্রবেশ করে ১০ লিটার দুধ উৎপাদনকারী একটি গাভীসহ তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

গরুর মালিক মো. জামারুল খান জানান, সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন ঘরের প্রধান দরজা বাইরে থেকে আটকানো। অন্য দরজা দিয়ে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখা যায়, একটি গরুও সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম এলাকায় দুই বালু ব্যবসায়ীর গদিতে ডাকাতির ঘটনাও ঘটেছে। ওই ঘটনায় দুর্বৃত্তরা ইঞ্জিনচালিত ট্রলারযোগে এসে ব্যবসায়ীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, সিসিটিভির ডিভিআর ও জ্বালানি তেল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, তুমলিয়া ইউনিয়নের অলুয়া, সানাইয়া, মানিকপুর ও টিওরী গ্রামসহ আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক মাসে প্রায় এক ডজনের বেশি গরু চুরির ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তারা পুলিশি টহল জোরদার এবং চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জানান, সোম বাজারের এক ব্যবসায়ীর সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে একটি নীল রঙের পিকআপ টিওরী এলাকায় প্রবেশ করে এবং রাত ৩টা ৩৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!