AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩২ পিএম, ২৪ জুলাই, ২০২৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন

অবশেষে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থেকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্পিকার দেশে ফেরার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।

সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে জোরালো হয়ে ওঠে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও তার প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বাভাবিক নিয়মে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বকাল ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। এ সময়ের মধ্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর নজির স্থাপন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!