লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান ও উন্নয়ন কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পৌর এলাকায় প্রত্যাশিত উন্নয়ন দৃশ্যমান নয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদাসীনতার কারণে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না। এসব কাজের দৃশ্যমান অগ্রগতি তিনি দেখতে পাননি বলেও মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বল্প সময়ের মধ্যেই চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন সম্ভব হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের রেললাইন প্রকল্পও এখন বাস্তবায়নের পথে।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে এবং জেলাবাসী শিগগিরই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী, আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

