জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে মাদারীপুরে গিয়ে ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ১৮ বছর বয়সী সেলিম। কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সেলিম মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামের অটোচালক শাহ আলম সাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সেলিম মাদারীপুরের একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শুক্রবার দুপুরে নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতায়িত লাইনের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিমের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের আর্থিক সংকট দূর করতে কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মস্থল থেকেই ফিরতে হলো নিথর দেহ হয়ে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

