ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ সদস্যের এ জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কয়েকটি অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে।
এদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপ হয়েছে—এমন গুঞ্জন প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

