ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা, বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগ উঠেছে একটি হোটেলের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা খাদ্য বিভাগের আকস্মিক পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তা।
বুধবার (২২ জুলাই) দুপুরে ভালুকা পৌর এলাকার ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার কর্মচারী জুয়েল মৌল্লা স্থানীয় সারাবেলা হোটেল থেকে খাবার ক্রয় করেন।
পরে ব্যাংকে গিয়ে খাবারের প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ বের হলে তিনি বিষয়টি ভালুকা উপজেলা খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ ঘটনাস্থলে গিয়ে হোটেলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর দেখতে পান।
এছাড়া ফ্রিজে বাসি, পচা ও দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম জানান, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। পরিদর্শনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে একাধিক অনিয়ম চোখে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
এ বিষয়ে সারাবেলা হোটেলের মালিক আবির হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
স্থানীয় সচেতন মহল বলছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের ঘটনায় নিয়মিত তদারকি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভোক্তারা নিরাপদ ও মানসম্মত খাবার পেতে পারেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

