আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
বৃহস্পতিবার (৯ জুলাই) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল সর্বোচ্চ আদালত খারিজ করার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের অন্যতম দাবি ছিল এবং এ বিষয়ে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিলের শুনানির অনুমতি দেন।
উল্লেখ্য, পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও বিষয়টি নিয়ে আইনগত জটিলতা থাকায় পরবর্তীতে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়।
আপিলকারীদের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা ছাড়াও সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

