"জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ-আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান এবং গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
তারা ব্যাপক হারে বৃক্ষরোপণ, নদী-খাল ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

