জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আইরিন খান। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালীন সময়ে আইরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে মানবাধিকার বিষয়ে কাজ করে আসছেন আইরিন খান। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে নেতৃত্ব দেন।
এরপর ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদ চালু হওয়ার পর প্রথম নারী হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
আইরিন খানের এই নিয়োগকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবাধিকার বিষয়ে দীর্ঘ কর্মজীবন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

