টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের চার বিভাগের কয়েকটি নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সম্ভাব্য আকস্মিক বন্যা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও ভারী বর্ষণ অব্যাহত থাকায় তিস্তা, সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানি দ্রুত বাড়তে পারে।
এছাড়া ভারতের মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য উজান এলাকাতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী নদীগুলোর পানির প্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

