AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৬ পিএম, ৮ জুলাই, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় দমকা বা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেশের অন্যান্য এলাকাতেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। শনিবারও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি কয়েকটি স্থানে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!