AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩০ পিএম, ৭ জুলাই, ২০২৬

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস

পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোম্মের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিও উপস্থিত ছিলেন।

বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। প্রয়োজনীয় সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদনের আশা প্রকাশ করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোম্মে বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস—উভয়ই বদ্বীপ অঞ্চল হওয়ায় দুই দেশের ভৌগোলিক বাস্তবতায় অনেক মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে ডাচ সরকার সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!