জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
পোস্টে তিনি বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দায়িত্বে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
নির্বাচনে মোট ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে, আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।
ড. খলিলুর রহমান বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

