বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবছরের মতো এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করছে। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

