AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৪ পিএম, ২৬ মে, ২০২৬

জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছরে দেশে আইনের শাসন ছিল না। এজন্যই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। জঙ্গল সলিমপুরসহ যেসব স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটছে, সেগুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যারা এই দুঃসাহস দেখিয়েছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠী, মাদক চক্র কিংবা দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না।”

ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে। মহাসড়ক ও পশুর হাটগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে তিনি বলেন, “ঈদের পর ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীতেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে।”

সড়কে যানজট কমাতে টোল ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সড়ক মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশনের পরামর্শ দেওয়া হবে।

এছাড়া নারায়ণগঞ্জের লোকনাথ উৎসব ও মাদারীপুরের কুম্ভ মেলাকে ঘিরেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে কয়েকশ সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয় এবং উপস্থিত লোকজনকে মারধর করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পরদিন এলাকায় যৌথ অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!