পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে বন্ধুত্ব ও সংহতির অংশ হিসেবে কুয়েতে ২৪০ টন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (২৫ মে) থেকে একাধিক ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে খাদ্য সহায়তার চালান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালিকে ঘিরে অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপের কারণে কুয়েতের খাদ্য মজুদ শক্তিশালী করতে এই সহায়তা পাঠানো হচ্ছে।
অনুষ্ঠানে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

