পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩১ মে পর্যন্ত ছুটি ভোগ করবেন। এ কারণে রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটির সুযোগ পান। আগামী ১ জুন থেকে সরকারি অফিস-আদালত খুলবে।
এর আগে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে গত শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখা হয়।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার সাধারণ ছুটির পাশাপাশি ২৬ ও ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরে ২৫ মে-ও ছুটি ঘোষণা করায় মোট ছুটির মেয়াদ দাঁড়ায় সাত দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবা অন্তর্ভুক্ত।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

