পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়েন এবং অনেকে ঢাকায় প্রবেশ করেন। এ কারণে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক চাপ সামাল দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না বলেও জানিয়েছে ডিএমপি। আন্তঃজেলা বাসগুলোকে নির্ধারিত টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো এবং অনুমোদনহীন কাউন্টার থেকে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

