AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:০১ পিএম, ২৫ জুলাই, ২০২৬

৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী

চীনা অভিনেত্রী তাং ওয়েই ‘লেট অটাম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংকে বিয়ে করা এই অভিনেত্রী ২০১৬ সালে প্রথমবার মা হয়েছিলেন।

এবার ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

তাং ওয়েইয়ের দ্বিতীয় সন্তান একটি পুত্রসন্তান। গত বুধবার নিজেই এ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তাং ওয়েইয়ের মুখপাত্র জানিয়েছেন, কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির ঘরে এটি দ্বিতীয় সন্তান। বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি প্রকাশ করেন তাং। ছবিতে দেখা যায় পরিবারের সদস্যদের হাত এবং একটি খেলনা ঘোড়া। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।’

দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে বেশ কয়েক মাস ধরে তাং ওয়েইয়ের গর্ভধারণ নিয়ে গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা যায়।

পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাং জানিয়েছিলেন, তাদের পরিবারে নতুন সদস্যের আগমনে তারা আনন্দিত।

১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয় শুরু করেন ২০০৪ সালে। তবে ২০১০ সালের ‘লেট অটাম’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। এই সিনেমার শুটিংয়ের সময়ই পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই সম্পর্ক ২০১৪ সালে বিয়েতে রূপ নেয়। ২০১৬ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান সামার।

কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, তাং ওয়েই চীনের চলচ্চিত্র অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও নিজের অবস্থান তৈরি করেছেন।

‘লাস্ট, কশন’ সিনেমায় অভিনয়ের পর চীনে একসময় তাকে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল। এবার ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!