ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)–এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যেই শনিবার (২৫ জুলাই) পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রপতি কার্যালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রহ্লাদ যোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
দিল্লির যন্তর-মন্তরে চলমান নিট প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি লিখেছেন, চার দশকের বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি সবসময় বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি তৈরি করে।
ধর্মেন্দ্র’র পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

