ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ বছর পুরোনো একটি মসজিদকে মন্দির হিসেবে দাবি করেছে হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’। শুধু দাবি জানিয়েই থেমে থাকেনি সংগঠনটি; ইতোমধ্যে মসজিদটির পাশেই পূজা-অর্চনাও শুরু করেছে তারা।
এতেই থেমে থাকেনি সংগঠনটি। আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদটির বাইরে একটি বড় শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে বিজেপি নেতা সমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ সংগঠন।
শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগে হিন্দুত্ববাদী বিজেপির রাজ্যসভার সদস্য ও বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে উত্থাপন করেন।
সেসময় তিনি দাবি করেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। তার অভিযোগ, এর নির্মাণে আগে থেকে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছিল।
স্থানীয় প্রচলিত কাহিনি ও কিছু ঐতিহাসিক বর্ণনার উল্লেখ করে তিনি বলেন, ওই স্থানে এর আগে শিব ও বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত আদিনাথ মন্দির ছিল। পাশাপাশি মসজিদের ভেতরে থাকা কিছু প্রতীক ও স্থাপত্য বৈশিষ্ট্যও এ দাবির পক্ষে প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।
‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ সংগঠনের দাবি, ঐতিহাসিক ওই মসজিদে শিবলিঙ্গসহ বেশ কিছু হিন্দু ও বৌদ্ধ নিদর্শন রয়েছে। এ বিষয়ে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার কথাও জানিয়েছে সংগঠনটি।
তবে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)-এর রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বিষয়টিকে বিজেপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তার দাবি, বিজেপি ও আরএসএস সুযোগ পেলেই এ ধরনের ইস্যু সামনে আনে।
প্রথম পর্যায়ে তারা ধর্মীয় কার্যকলাপ টেনে আনে। তারপর তারা সংঘাত ও বিভাজন তৈরি করে। আদিনা মসজিদ তারই সর্বশেষ উদাহরণ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

