জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে উদ্যাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) কবির জন্মদিন হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচি আগেভাগেই শুরু করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও বাড়তি নিরাপত্তাব্যবস্থায় নতুন রূপ পেয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন এসব আয়োজনে।
নজরুলজয়ন্তীর উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে একই খালের খননকাজ উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

