প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাজনীতিবিমুখ ছিলেন। তবে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ব্যক্তিত্ব ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা তাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে।
তিনি আরও বলেন, “মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বেগম জিয়া। আর আমি নিজে রাজনীতিতে এসেছি তাকে দেখেই।”
হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে সক্ষমতা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, তা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, বেগম জিয়া ছিলেন স্বল্পভাষী এবং কখনও কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন না। তার মতে, সাধারণ মানুষের সঙ্গে বেগম জিয়ার গভীর সম্পর্ক ছিল, যা তার মৃত্যুর পর দেশজুড়ে মানুষের শোক ও প্রতিক্রিয়ায় আরও স্পষ্ট হয়ে উঠেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

