পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) ২৬ মে তারিখের ট্রেনের আসনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়। এছাড়া ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামী ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একজন ব্যক্তি কেবল একবারই অগ্রিম টিকিট কেনার সুযোগ পাবেন।
এছাড়া ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

